স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের অধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি, মান নিয়ন্ত্রণ ও সময়মতো বাস্তবায়ন নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
নগর ভবনের সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার এবং সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক।
সভায় মহানগরের বিভিন্ন সড়ক, ড্রেনেজ, অবকাঠামো উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষভাবে প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মেনে চলা, কাজের গুণগত মান নিশ্চিত করা এবং নাগরিক ভোগান্তি কমানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক, মোঃ শওকত হোসেন সরকার বলেন, 'গাজীপুরের উন্নয়ন কার্যক্রমকে দৃশ্যমান ও টেকসই করতে হলে প্রকল্প বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। প্রতিটি কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে এবং কোনোভাবেই নিম্নমানের কাজ গ্রহণযোগ্য হবে না। জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।'
তিনি আরও বলেন, 'নগরের অবকাঠামোগত উন্নয়ন শুধু প্রকল্প বাস্তবায়নের মধ্যে সীমাবদ্ধ নয়-এটি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। তাই প্রতিটি প্রকল্প এমনভাবে বাস্তবায়ন করতে হবে, যাতে তা নগরবাসীর জন্য স্থায়ী সুফল বয়ে আনে।'
সভাপতির বক্তব্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক প্রকল্পগুলোর কারিগরি দিক তুলে ধরে বলেন, নির্ধারিত নকশা ও মানদণ্ড অনুসরণ করে কাজ বাস্তবায়নে প্রকৌশলীরা প্রতিনিয়ত কাজ করছেন এবং মাঠপর্যায়ে তদারকি আরও জোরদার করা হবে।
সভায় উপস্থিত কর্মকর্তারা বিভিন্ন প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন এবং সম্ভাব্য চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আলোচনা করেন।
সমন্বয় সভার মাধ্যমে গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।