মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : অন্ধত্ব নিবারণ ও আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে অনুষ্ঠিত হয়ে গেল এক চক্ষু শিবির। মুরাদনগর সমিতি ঢাকা-এর উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির কারিগরি তত্ত্বাবধানে দিনব্যাপী এই ক্যাম্পের আয়োজন করা হয়।

গত শনিবার সকালে উপজেলার পীর কাশিমপুর হাইস্কুল প্রাঙ্গণে এই চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুরাদনগর সমিতি ঢাকার সভাপতি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক খান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক কৃষিবিদ জামাল উদ্দিন আহমেদ, সমিতির উপদেষ্টা এম এ জাহের মুন্সী, সহ-সভাপতি জহিরুল ইসলাম ও মনিরুল হক, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রাশেদ আহমেদ রিশাত এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোসলেহ উদ্দিন।

তীব্র রোদ ও গরম উপেক্ষা করে সকাল থেকেই পীর কাশিমপুর হাইস্কুলে ভিড় জমান কয়েকশ সেবাপ্রার্থী। দিনব্যাপী এই শিবিরে প্রায় ৩৫৫ জন রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসাপত্র ও ওষুধ প্রদান করা হয়। এদের মধ্যে প্রাথমিক স্ক্রিনিং শেষে ৬০ জনকে ছানি পড়া রোগীকে উন্নত চিকিৎসার জন্য এবং অস্ত্রোপচারের লক্ষ্যে কুমিল্লায় পাঠানো হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলম সরকার, সমিতির সদস্য হাবিবুর রহমান, পীর কাশিমপুর প্রবাসী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান কেনাল, হুমায়ুন কবির, সমাজসেবক মামুনুর রশিদ, রেজাউল করিম, সহকারী অধ্যাপক মোতাহার হোসেন এবং অবসরপ্রাপ্ত শিক্ষক মোখলেসুর রহমানসহ আরও অনেকে।