মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে উপজেলার প্রায় অর্ধ-শতাধিক গ্রাম বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত ১৩ ঘণ্টা ধরে এসব এলাকার প্রায় লক্ষাধিক মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যায়ক্রমে সংযোগ চালু করতে আরও ১ থেকে ২ দিন সময় লাগতে পারে।

গত ৭ এপ্রিল দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়নি। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে তীব্র ঝড়ের পরপরই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের সময় অন্তত অর্ধশত গ্রাম সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে এবং ডালপালা ভেঙে বিদ্যুতের খুঁটি ও তারের ওপর পড়ে। এতে প্রায় শতাধিক স্থানে বিদ্যুৎ লাইনের ক্ষতি হয় এবং অন্তত অর্ধ-শতাধিক গ্রাম বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর আওতাধীন মনোহরগঞ্জ জোনাল অফিস সূত্রে জানা গেছে, ঝড়ে অন্তত ৫টি খুঁটি উপড়ে গেছে এবং প্রায় ২৫টি স্থানে মেইন লাইনের তার ছিঁড়ে গেছে। বিদ্যুৎ বিভাগের কর্মীরা স্থানীয় শ্রমিকদের সহায়তায় দিনরাত কাজ করছেন। পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে ১ থেকে ২ দিন সময় লাগতে পারে।

অপরদিকে উপজেলার নাথের পেটুয়া জোনাল অফিস সূত্রে জানা গেছে -ঝড়ে অন্তত ১০টি খুঁটি উপড়ে গেছে এবং প্রায় ১শত স্থানে মেইন লাইনের তার ছিঁড়ে গেছে। বিদ্যুৎ বিভাগের কর্মীরা স্থানীয় শ্রমিকদের সহায়তায় দিনরাত কাজ করছেন। পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে ১ থেকে ২ দিন সময় লাগতে পারে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার উত্তর হাওলা, লক্ষণপুর, হাসনাবাদ, সরষপুর, নাথের পেটুয়া, বিপুলাসার ইউনিয়নের অর্ধ-শতাধিক গ্রামে খুঁটি ভেঙে পড়ে আছে এবং ছেঁড়া তার ঝুলছে।

বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেকের ফ্রিজে রাখা খাবার নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। শিশু, বৃদ্ধ ও রোগীদের নিয়ে দুর্ভোগ বেড়েছে।

ডায়াগনস্টিক সেন্টার সংশ্লিষ্টরা জানিয়েছেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে সংরক্ষিত কেমিকেলের গুণগত মান নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪। এর নাথেরপেটুয়া জোনাল অফিসের এজিএম আহসান হাবীব বলেন, ঝড়ে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্রমান্বয়ে কিছু এলাকায় সংযোগ চালু করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি এলাকাগুলোতেও বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে আমাদের বেশ কয়েকটি টিম কাজ করছেন।