রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের মধ্যে চলমান দ্বন্দ্ব রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। সোমবার বিকেলে দলীয় কোন্দলের জেরে সংঘর্ষে একজন নিহত হওয়ার পর থেকে উত্তপ্ত পুরো এলাকা।

প্রতিপক্ষের ওপর প্রতিশোধ নিতে গিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা রুহুল আমিন, এবাদুল্লাহ গাজী, আনোয়ার হোসেনসহ অন্তত ১৫ বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। তবে নিহত ও সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষ এখন পর্যন্ত মামলা করেনি। হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শামীম গাজী ও ফারুক কবিরাজ একে অপরকে দায়ী করছেন।

জানা গেছে, নিহত ব্যক্তি উপজেলার ২ নং ইউনিয়নের চরঘাষিয়া গ্রামের বাসিন্দা এবং স্পেন প্রবাসী । গত কয়েক দিন আগে নদীতে গদলা চিংড়ি পোনা ধরার মাঝিদের কাছ থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এ সময় দেশীয় অস্ত্রসহ হামলার ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এই ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হন। এরপর থেকেই নিহতের গ্রুপের লোকজন দলবদ্ধ হয়ে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালায়। এ সময় তারা অন্তত ১৫টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

রায়পুর থানার ওসি মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের জন্য অভিযান চলছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

উল্লেখ্য যে, জুলাই বিপ্লবের পর চরের নিয়ন্ত্রণকে কেন্দ্রকরে বিএনপির দুগ্রুপের মাঝে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনায় স্থানীয় কয়েকজন নেতাকে বহিস্কার করা হলেও বিরোধ ঠেকানো যায়নি।