গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা: নাটোরের গুরুদাসপুরে মসজিদের জায়গা, সরকারি রাস্তা ও বসতবাড়ির জায়গা জবরদখলের অভিযোগ উঠেছে আইনজীবী আব্দুল মোতালেব আনাম ও তার মেয়ে শিউরী খাতুনের বিরুদ্ধে।
শুক্রবার বেলা ১১টায় উপজেলার রুহাই গ্রামের চকপাড়ায় এস্কে মাহাবুব জামে মসজিদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ওই অভিযোগ করেন এলাকাবাসী। অবৈধ দখলের কারণে মসজিদের সামনের সরু রাস্তায় ঠাসাঠাসি ভাবেই মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য হাসান আলী, মসজিদ কমিটির সভাপতি আজমুল হক বুদ্দু, কবরস্থানের সভাপতি নজরুল ইসলাম, আলী আহাদ ফারুকী প্রমুখ। উপজেলা প্রশাসনের কাছে অবৈধ দখল উচ্ছেদের দাবি জানান তারা।
বক্তারা বলেন- ‘৩৬ বছর ধরে মরহুম জাফর উদ্দিন প্রামাণিকের ছেলে এডভোকেট আব্দুল মোতালেব আনাম ওই মসজিদের জায়গার ওপর বসতবাড়ি করে আছেন। ফলে মসজিদে চলাচলের জায়গা সংকুচিত হয়েছে। মৃত ব্যক্তির লাশ আনা-নেয়া করা যায় না। বাপ-বেটি শালিস দরবার মানেন না, কারো কথাও শুনেন না। প্রতিবাদ করলে উল্টো মামলা দিয়ে হয়রানি করা হয়।’
কবরস্থানের সভাপতি নজরুল ইসলাম বলেন- ‘মসজিদ সংলগ্ন কবরস্থানের সাথে টয়লেট নির্মাণ করে আরেক জটিলতা সৃষ্টি করেছেন শিউলী। তার বাড়ির নোংরা পানি পর্যন্ত কবরস্থানে প্রবেশ করে।’
ভুক্তভোগী আলী আহাদ বলেন- ‘বাড়ির সামনের সরকারি কাঁচা রাস্তাটির অধিকাংশ জায়গা জবরদখল করে আছেন আনাম। আমার বাড়ির প্রবেশপথে পিলার স্থাপন করে প্রতিবন্ধকতা তৈরি করেছেন। পিলার অপসারণের দাবিতে ইউএনও, এসিল্যান্ড ও থানার ওসি বরাবর অভিযোগ দিয়েছি।’
অভিযুক্ত আইনজীবী আনাম বলেন- ‘এটা আমার পৈত্রিক সম্পত্তি। যা মেয়ে শিউলীর নামে দিয়েছি। অনেক মাপজোক হয়েছে, আমার জায়গা সঠিক আছে। যেখানে আমার মেয়ে যাতায়াতের পথ পায় না, সেখানে অন্যদের কেন জায়গা দেব।’
স্থানীয় ইউপি সদস্য হাসান আলী বলেন- ‘শিউলি ও তার বাবা আনাম ৬ ইঞ্চি জায়গা ছাড়তেও নারাজ। প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে মামলাও হতে পারে। হামলা-মামলার ভয়ে আনাম পরিবারের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে চান না।’
উপজেলা নির্বাহী কর্র্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন- ‘তদন্ত করে উভয়পক্ষের শুনানি শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
দুনিয়া ও আখিরাতের কল্যাণে কাজ করছে শ্রমিক কল্যাণ
শ্রমিকদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করছে বলে মন্তব্য করেছেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী জোন-৪ এর উদ্যোগে আয়োজিত “অগ্রসর কর্মী শিক্ষা শিবির’২৬”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জোন পরিচালক ও মহানগরীর সহ-সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ আদিল।
প্রধান অতিথির বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন, একজন খাঁটি মানুষ হওয়ার পূর্বশর্ত হলো মহান আল্লাহর প্রতি আনুগত্যশীল হওয়া। ইসলামী আদর্শে গড়ে ওঠা শ্রমিক সমাজই দুনিয়া ও আখিরাতে সফল হতে পারে।
এস এম লুৎফর রহমান বলেন, পরকালীন জীবনের প্রতি গভীর অনুভূতি জাগ্রত না হলে মানুষের কর্মকা-ে জবাবদিহিতা তৈরি হয় না। তাই প্রতিটি কর্মীকে আখিরাতমুখী চিন্তা ও আত্মশুদ্ধির চর্চা করতে হবে।
এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন মহানগর সহ-সভাপতি নজির হোসেন , জোন সহকারী পরিচালক ও পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম এবং বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মুহাম্মদ জসিম উদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন আনোয়ার হোসাইন,বাবুল হাসান, মোঃ ইউসুফ, আলতাফ হোসেন, কামাল উদ্দিন, বশির আহমেদ, আনিসুর রহমান, দেলোয়ার হোসেন, তাওহিদুল ইসলাম প্রমখ। প্রেস বিজ্ঞপ্তি