বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : বেহাল দশায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শতবর্ষী পুইছড়ি ইসলামিয়া কামিল মাদরাসা সড়ক, দীর্ঘ তিনদশকের বেশি সময় ধরে উন্নয়ন বঞ্চিত খানাখন্দে ভরা এই জরাজীর্ণ সড়ক দিয়ে প্রতিদিন ১১ থেকে ১২ হাজার শিক্ষার্থী এবং শত শত রোগীসহ সাধারণ মানুষ যাতায়াত করলেও নেই সংস্করের কোন কার্যকর উদ্যোগ।
পুইছড়ি ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই সড়কে পুইছড়ি ইসলামিয়া কামিল মাদরাসা, পুইছড়ি প্রাথমিক বিদ্যালয়, পুইছড়ি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র, পুইছড়ি ডাকঘরে নিয়মিত শিক্ষার্থী সহ সাধারণ মানুষের যাতায়াত । এতে হাজার হাজার মানুষ চরম দূর্ভোগে দেখার কেউ নেই, বর্ষাকালের আগেই সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয়রা।
সরেজমিনে পরিদর্শনে দেখা যায় পুইছড়ি ইউনিয়নের শতবর্ষী পুইছড়ি ইসলামিয়া কামিল মাদরাসা সড়কের বেহাল পরিস্থিতি দেখা যায়। এবিসি সড়ক থেকে পুইছড়ি ইসলামিয়া মাদরাসা পর্যন্ত এ সড়কটি খুবই ব্যস্ততম ও জনবহুল চলাচল কিন্তু দীর্ঘ তিন দশকেও এসড়কে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, এটি দক্ষিণ বাঁশখালীর অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যাতায়াত পথ। পার্শ্ববর্তী উপজেলা থেকেও অনেক শিক্ষার্থী এখানে পড়তে আসে। কিন্তু সামান্য বৃষ্টিতেই সড়কটি কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বড় বড় গর্তের কারণে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নেওয়া দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। জনপ্রতিনিধিরা বারবার সংস্কারের আশ্বাস দিলেও দীর্ঘ ৩০ বছরেও তার প্রতিফলন ঘটেনি। বর্ষা মৌসুম আসার আগেই সড়কটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী ইফরাদ বিন মুনীর জানান, জনদুর্ভোগের বিষয়টি তাদের নজরে রয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যেই সড়কটির সংস্কার কাজ শুরু করা হবে।