আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা : বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বারোপাইকা এলাকায় নির্মিত ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে এমনই ঘটনার ছবিসহ আংশিক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরে।
তথ্য সূত্রে জানা গেছে, ওই এলাকার মিজান মোল্লার বাড়ির সামনে নির্মিত ব্রিজের জন্য নগদ ৬০ হাজার টাকা ঘুষ দেয়া হয়েছে। ব্রিজটি লম্বা ৬০ ফুট হলেও ঢালাই দেয়া হচ্ছে ৪৫ ফুট। তাও ঢালাইয়ের বেশ কিছু অংশে রডের পরিবর্তে বাঁশের চেরা ব্যবহার করা হচ্ছে। বাকি ১৫ ফুটের জন্য ঠিকাদারের লোকজনে আরো ১৫ হাজার টাকা ঘুষ দাবি করছেন।
স্থানীয়দের বাঁধা উপেক্ষা করেই রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পরেছে। ভুক্তভোগিরা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ ঠিকাদারের লাইসেন্স বাতিলপূর্বক আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন, এ ব্যাপারে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।