বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গৃহীত অগ্রাধিকারমূলক কর্মসূচি নিয়ে গাজীপুরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়।

জেলা তথ্য অফিস, গাজীপুরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মোঃ নূরুল করিম ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ শাহরিয়ার নজির।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার শামীমা নাসরিন। তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জেলা তথ্য অফিসের বহুমুখী প্রচার কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি জানান, চলচ্চিত্র প্রদর্শনী, উঠান বৈঠক, নারী সমাবেশ, গণসচেতনতামূলক প্রচারণা ও তথ্যভিত্তিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকারের জনমুখী উদ্যোগগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি বলেন, সরকারের উন্নয়ন বার্তা প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তথ্য অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরপর বক্তব্য দেন সিভিল সার্জন, ডা. মোঃ মামুনুর রশিদ। তিনি ই-হেলথ কার্ড কার্যক্রম, মাতৃস্বাস্থ্য সুরক্ষা, শিশুর টিকাদান, গ্রামীণ স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং ডিজিটাল স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার ধারাবাহিকভাবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর পদক্ষেপ গ্রহণ করছে। বিশেষ করে ই-হেলথ কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ সহজে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য তথ্য ব্যবস্থাপনার সুবিধা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, মুহাম্মদ মতিয়ার রহমান বলেন, সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি জানান, প্রাথমিকভাবে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডকে পাইলট প্রকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছে এবং আগামী ১৬ মে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় পর্যায়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ভেজাল ও অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

একই সঙ্গে নারী ও শিশু সুরক্ষায় ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিয়ে বন্ধ এবং নির্যাতিত নারী উদ্ধারে প্রশাসনের সক্রিয় ভূমিকার কথাও তুলে ধরেন। তিনি এ বিষয়ে সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মোঃ সোহেল রানা খাল পুনঃখনন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে জানান, গাজীপুর জেলার শ্রীপুর ও সদর উপজেলায় লবণদহ নদী, শ্রীপুরে চৌক্কার খাল, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় গাছা খাল এবং কাপাসিয়ায় রাউতকোনা খাল, গাজীপুর সদরের চীলাইখাল খনন কাজ চলমান রয়েছে। এর মধ্যে চৌক্কার খালের ৭০ শতাংশ এবং রাউতকোনা খালের ৮০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, এসব খাল পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং জলাবদ্ধতা কমবে। সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির পরিবেশ সংরক্ষণে বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির কথা উল্লেখ করে জানান, প্রায় ২ লাখ হেক্টর জমিতে আড়াই লাখ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, একটি উন্নত, মানবিক ও সবুজ বাংলাদেশ গড়তে পরিবেশবান্ধব উদ্যোগের বিকল্প নেই।

সবশেষে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মোঃ নূরুল করিম ভূঁইয়া বলেন, ‘রাষ্ট্রের উন্নয়ন তখনই অর্থবহ হবে, যখন তার সুফল সাধারণ মানুষের ঘরে পৌঁছাবে। খাল খনন, কৃষক সহায়তা, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পরিবেশ রক্ষার মতো কার্যক্রম মানুষের জীবনকে আরও সহজ ও নিরাপদ করবে।’

তিনি আরও বলেন, প্রশাসনের সকল কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধ নিশ্চিত করা হচ্ছে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম সমাজকে সচেতন ও অনুপ্রাণিত করতে পারে।

প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।