স্টাফ রিপোর্টার, গাজীপুর: টঙ্গীর তুরাগ তীরে তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের (সাদপন্থী) শেষ দিন আজ। লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণে আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে এবারের তাবলীগের মহামিলন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) ইজতেমার দ্বিতীয় দিনে ধর্মীয় আলোচনার পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে বহু প্রতীক্ষিত যৌতুকবিহীন ৯টি বিয়ে, যা মুসলিম উম্মাহর জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
ইজতেমায় ঈমান-আমলের দীক্ষাঃ ফজর থেকে এশা পর্যন্ত কুরআন-হাদিসের আলোকে চলেছে ধারাবাহিক বয়ান। বাদ ফজর ভারতের হযরত মাওলানা ইলিয়াস বিন সাদ বয়ান করেন, যার বাংলা অনুবাদ করেন মাওলানা ওসামা ইসলাম। এরপর সৌদি আরবের মাওলানা মোস্তফা খলিল, ভারতের মাওলানা মঞ্জুর (নিজামুদ্দিন) এবং মাওলানা সাদের পুত্র মাওলানা ইউসুফ বিন সাদ মুসল্লিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
বিশ্বব্যাপী মুসল্লিদের অংশগ্রহণঃ এবারের ইজতেমায় বিশ্বের ৪৯টি দেশ থেকে প্রায় দেড় হাজার বিদেশি মুসল্লি অংশ নিয়েছেন। ভাষাভাষী অনুসারে তাদের জন্য ইংরেজি, উর্দু, আরবি ও বাংলা—এই চারটি খিমায় পৃথকভাবে ব্যবস্থা করা হয়েছে।
যৌতুকবিহীন ৯টি বিয়েঃ ইজতেমার দ্বিতীয় দিনে বাদ আসর বিদেশি খিত্তায় সম্পন্ন হয়েছে ৯টি বিয়ে, যেখানে কোনো যৌতুক গ্রহণ করা হয়নি। বিয়ে পড়ান মাওলানা ইউসুফ বিন সাদ। নবদম্পতিদের উদ্দেশ্যে তিনি বলেন—
"আমি ফি চাই না, তবে শর্ত একটাই—যারা বিয়ে করলেন, তারা প্রত্যেকে চার মাসের জন্য চিল্লায় বের হবেন এবং ইসলামের দাওয়াতি কাজে অংশ নেবেন।"
অংশগ্রহণকারী বরগণ হলেন ঃ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ফজলে রাব্বি, নূর হোসেন সানি, মাফিন খান, গোলাম মোস্তফা, নাঈমুর রহমান, মোহাম্মদ শামীম, মো. সাজ্জাদ হোসেন ও সজিব খান।
নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা ব্যবস্থাঃ দেশ-বিদেশ থেকে আগত মুসল্লিদের জন্য ১২টি সাধারণ মেডিকেল টিম, ৬টি বিশেষায়িত টিম, ১১টি স্যানিটারি ইন্সপেক্টর টিম নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা প্রদান করছে।
এছাড়া, নিরাপত্তা নিশ্চিত করতে মাঠজুড়ে সিসি ক্যামেরা ও ড্রোন মোতায়েন করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান জানান, হামলার গুজব থাকলেও আতঙ্কের কিছু নেই, মাঠজুড়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
হামলার হুমকিতে যুবলীগ নেতা আটকঃ বিশ্ব ইজতেমায় জঙ্গি হামলার হুমকি দেওয়ার অভিযোগে গাজীপুরের রনি সরকার (৩৮) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার জানান, তদন্তের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ব ইজতেমায় ৩ মুসল্লির মৃত্যুঃ ইজতেমায় অংশ নেওয়া তিন মুসল্লি বিভিন্ন শারীরিক অসুস্থতায় মারা গেছেন। তারা হলেন।
১. নাজমুল হোসেন (৭৫), বগুড়া
২. মোহাম্মদ আব্দুল আজিজ শেখ (৬০), শরীয়তপুর
৩. দিদার তরফদার (৫৫), খুলনা
বিশ্ব ইজতেমার ঐতিহ্য ও সমাপ্তিঃ ১৯৬৬ সালে টঙ্গীর তুরাগ তীরে স্থানান্তরের পর থেকে প্রতি বছরই অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। এবারের ইজতেমার প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়। ১৪ ফেব্রুয়ারি শুরু হওয়া দ্বিতীয় পর্বের সমাপ্তি ঘটবে আজ ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে। লাখো মুসল্লির কান্নাজড়িত কণ্ঠে উচ্চারিত হবে দোয়ায় বিশ্বশান্তি, হেদায়েত ও কল্যাণের জন্য।