সাতক্ষীরা সংবাদদাতা:
সাতক্ষীরায় ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৮ জুলাই) সাতক্ষীরা-৩৩ বিজিবির উদ্যোগে সদর উপজেলার বৈকারী সীমান্ত এলাকার দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে শুষ্ক খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কাজী আশিকুর রহমান (ওএসপি, পিএসসি), উপ-অধিনায়ক শাদমান শাকিব, উপ-পরিচালক মাসুম বেগ, মিডিয়া কর্মকর্তা মিলন হোসেনসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এ সময় সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বিজিবি সবসময় অঙ্গীকারবদ্ধ। সীমান্ত সুরক্ষার মূল দায়িত্ব পালনের পাশাপাশি জনকল্যাণমূলক মানবিক কার্যক্রমও বিজিবি নিয়মিত পরিচালনা করে আসছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকার অসহায় মানুষের পাশে থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।