নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা : ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গড়তে বিজ্ঞান ও প্রযুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ওৃ বিজ্ঞানমেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) শামিম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী অফিসার শফিউল আলম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহেনাজ আক্তার, এবং জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা ফয়েজ ইমতিয়াজসহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

হজ¦ প্রশিক্ষণ কর্মশালা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) : কুমিল্লার চৌদ্দগ্রামে প্রতি বছরের ন্যায় এবারও আল মক্কা ট্রাভেলস্ ও আল মদিনা ট্রাভেলস্ এন্ড হজ্ব কাফেলার উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার মুন্সিরহাট বাজারস্থ আলিফ রেষ্টুরেন্টের হলরুমে কর্মশালায় প্রশিক্ষণ দেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আলহাজ্ব মুফতি মোঃ খোরশেদ আলম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুস সাত্তার। আল মক্কা ট্রাভেলসের পরিচালক সামছুল আলমের ব্যবস্থাপনায় কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা নুরুল আমিন, হাফেজ আবুল কালাম, সেলিম মহুরী, মোঃ ইলিয়াছ, মোঃ ইউসুফ, দেলোয়ার হোসেন, সাংবাদিক মোঃ এমদাদ উল্লাহ প্রমুখ।

লিফলেট বিতরণ

কটিয়াদী (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের কটিয়াদীতে সারা দেশের ন্যায় গণবাদের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোটের কটিয়াদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গণজাগরণ ও সচেতনতার লক্ষ্যে সাধারণ জনগণের নিকট লিফলেট বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার নায়েবে আমীর সাইয়েদুল হক বিএসসি উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।

‘ট্রমা সেন্টার’ উদ্বোধন

চকরিয়া : দক্ষিণ চট্টগ্রামের অন্যতম স্বনির্ভর বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান চকরিয়ার জমজম হাসপাতাল পিএলসিতে চালু করা হয়েছে আঘাত ও দুর্ঘটনায় আক্রান্তদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে “জমজম ট্রমা সেন্টার”। একইসাথে উদ্বোধন উপলক্ষ্যে পুরো এপ্রিল মাস জুড়ে চলবে ‘সেবা মাস’। গতকাল শনিবার দুপুর বারোটায় ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রুপায়ন দেব। পরে তিনি উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, দুর্ঘটনা পরবর্তী ‘গোল্ডেন আওয়ার’ বা প্রাথমিক সময়টুকু চিকিৎসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। চকরিয়ায় একটি পূর্ণাঙ্গ ট্রমা সেন্টারের অভাব দীর্ঘদিনের ছিল। জমজম ট্রমা সেন্টার সেই অভাব পূরণ করে এই অঞ্চলের মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।