ঈদগাও (কক্সবাজার) সংবাদদাতা : ঈদগাঁও উপজেলায় সাম্প্রতিক সময়ে তীব্র লোডশেডিংয়ে জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন। এতে এলাকাজুড়ে ক্ষোভ বাড়ছে।
স্থানীয়রা জানান, দিনে-রাতে একাধিকবার বিদ্যুৎ চলে যাওয়ায় ঘরের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। প্রচ- গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থরা সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন। শিক্ষার্থীদের পড়ালেখা এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ব্যবসায়ীরা বলেন, বিদ্যুতের অভাবে দোকানপাট ও ছোট ব্যবসা পরিচালনায় সমস্যা হচ্ছে। অনেক সময় অনলাইনে কাজ ও মোবাইল নেটওয়ার্ক সেবাও ব্যাহত হচ্ছে। এ অবস্থায় দ্রুত লোডশেডিং কমিয়ে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এদিকে কর্তৃপক্ষ বলছেন জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না করায় বাধ্যতামূলক লোডশেডিং দিতে হচ্ছে। সুতরাং লোডশেডিং কমানোর বিষয়টি সরকারের উপর নির্ভর করছে।