বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামে মাদরাসা ছাত্রী আকলিমা আক্তার জুঁই (৭) কে শ্বাসরোধে হত্যা ও অ্যাসিডে মুখ পুড়িয়ে দেয়ার ঘটনায় দায়ীদের দ্রুত সনাক্ত করে বিচারের দাবিতে মানববন্ধন, প্রায় তিন কিলোমিটার দীর্ঘ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে জুঁই’য়ের নিজ গ্রাম গাড়ফা মাদরাসা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাড়ফা সমাজকল্যাণ পরিষদের আয়োজনে মানববন্ধনে জুঁইয়ের স্বজন, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীসহ সহ¯্রাধিক মানুষ অংশ নেন। পরে বিক্ষুব্ধ লোকজন বিক্ষোভ মিছিল নিয়ে এলাকার প্রায় তিন কিলোমিটার পথ ঘুরে জুঁইয়ের বাড়িতে যান। সেখানে অবিলম্বে খুনীদের চিহ্নিত করে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবিতে বিক্ষোভ সমাবেশে গাড়ফা সমাজকল্যাণ পরিষদের সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে কান্নাভেজা কন্ঠে বক্তব্য রাখেন জুঁইয়ের দাদা সাইদুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে জামায়াত নেতা আতিকুল ইসলাম, ব্যাংকার নজরুল ইসলাম, সমাজকল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, স্কুল শিক্ষক গণি আল মারুফ ও জিয়াউর রহমান এবং জুঁইয়ের মাদরাসার শিক্ষক মাওলানা আল আমিন বক্তব্য রাখেন।

এ সময় ঘটনার চারদিন পরও খুনীরা সনাক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ঘটনার চারদিন পেরিয়ে গেলেও পুলিশ এখনও অভিযুক্তদের চিহ্নিতসহ কাউকে আটক করতে পারেনি। এতে নিহতের স্বজনরা হতাশ হয়ে পড়েছেন। এমন একটি নৃশংস হত্যাকান্ডের পর দায়ীরা গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীও ক্ষুব্ধ। আমরা ২৪ ঘন্টার মধ্যে খুনীদের গ্রেফতারের দাবি জানাই। অন্যথায় থানা ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।

প্রসঙ্গত, গত সোমবার দাদীর বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ হয় গাড়ফা প্রবাসী জাহিরুল ইসলামের শিশুকন্যা জুঁই। পরদিন বাড়ির অদুরে একটি ভুট্টা খেতে তার বিবস্ত্র ও মুখম-ল অ্যাসিডে ঝলসানো লাশ পাওয়া যায়।