গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সফিপুর আনসার একাডেমির লেকের পাড় থেকে এক ওষুধ কোম্পানির কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি বগুড়া জেলার নন্দীগ্রাম থানার ভাতগ্রাম এলাকার মৃত নবাব আলীর ছেলে মোঃ শফিকুল ইসলাম (বুলবুল) (৫২)। তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সফিপুর পূর্বপাড়া এলাকায় একতা টাওয়ারের ৯ম তলায় পরিবারসহ বসবাস করতেন এবং স্থানীয় ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে তিনি কর্মস্থল থেকে স্ত্রীকে নিয়ে আসার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পরে স্ত্রী কারখানা ছুটি শেষে স্বামীকে না পেয়ে একাই বাসায় ফিরে আসেন। রাতভর খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরবর্তীতে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর আনসার একাডেমির লেকের পাড়ে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
লাশের শরীরে বিশেষ করে বাম উরুতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।