গাংনী (মেহেরপুর) সংবাদদাতা : মেহেরপুরের গাংনীর সাহারবাটি গ্রামের বিএনপি কর্মী মুকুল হোসেনেকে লক্ষ্য করে গুলী ও বোমা নিক্ষেপ করেছে দুর্বত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে। গত সোমবার (২০/০৪/২০২৬) ভোরে এ হামলার ঘটনা ঘটে। হামলায় কারা রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

মুকুল হোসেন (৫৫) গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের নেক মহাম্মেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে মুকুল হোসেন সাহারবাটি গ্রাম থেকে ভাটপাড়া গ্রামের সড়ক দিয়ে হাঁটতে বের হন। ভাটপাড়া গ্রামে মোড়ে পৌঁছুলে আগে থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাত দুবৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েকটি গুলী বর্ষণ করে। বুকে, পিঠে ও হাতে গুলীবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মুকুল হোসেন। এসময় কয়েকটি বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করেন। এদিকে গুলী ও বোমা বিষ্ফোরণের শব্দ পেয়ে আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে মুকুলকে রক্তাত্ব অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে তিনি গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

স্থানীয় সুত্রে জানা গেছে, মুকুল হোসেন বিএনপির কোন পদ পদবীতে না থাকলেও এলাকায় বিএনপির একটি পক্ষের নেতৃত্ব নেন। আধিপত্য বিস্তার অথবা পূর্ব শত্রুতার জের ধরে তার উপর হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, ঘটনাস্থল থেকে গুলীর খোসা এবং বিষ্ফোরিত বোমার আলামত উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।