ফুলবাড়ী, দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির চত্বরের প্রধান গেটের সামনে ১২টি গ্রামের গ্রামবাসী ক্ষতিপূরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার সকালে বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্ত ১২টি গ্রামের প্রায় ৩ হাজার গ্রামবাসী ক্ষতিপূরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন।

বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্তদের দাবি আদায় বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ গোলাম মোস্তফা’র নেতৃত্বে এই অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচিতে তিনি বলেন, বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্তদের দাবি আদায়ে গত ০৫/১১/২০২৩ইং তারিখে ব্যবস্থাপনা পরিচালক বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লি: পার্বতীপুর, দিনাজপুরকে আমরা ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা লিখিতভাবে অভিযোগ করি। গত ২২/০১/২০২৪ ইং তারিখে আবারও লিখিতভাবে অভিযোগ করি। গত ১২/০২/২০২৪ ইং তারিখে খনি কর্তৃপক্ষকে সময় দেওয়া হলেও তারা তোয়াক্কা করেন নি। এরপর আবারও ২২/০৮/২০২৪ এবং ০৮/০৯/২০২৪ ইং তারিখে লিখিতভাবে অবগত করা হয়। বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষের নিকট ঘর-বাড়ি সার্ভের মাধ্যমে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আসছি। সেই মর্মে বৈগ্রাম, কাশিয়া ডাঙ্গা, মোবারকপুর, জব্বর পাড়া, দক্ষিণ রসুলপুর (বড়), দক্ষিণ রসুলপুর ( ছোট), পূর্ব জব্বর পাড়া, চক মহেশপুর, হামিদপুর, উত্তর চৌহাটি, চৌহাটি, সাহাগ্রাম, দূর্গাপুর ও শেরপুরসহ এলাকার ক্ষতিগ্রস্ত গ্রামের ক্ষতিগ্রস্তদের পুনরায় ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছিলাম কিন্তু খনি কর্তৃপক্ষ আমাদের প্রতি কোন গুরুত্ব দিচ্ছে না। সেই কারণে দীর্ঘদিন ধরে মিছিল মিটিং করে আসছি।