চুনারুঘাট (হবিগঞ্জ)সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের দৌলতখা-আবাদ গ্রামে ছোট ভাইয়ের হাতে বড় ভাই রুয়েল মিয়া (২৪) খুন হয়েছে। ঘাতক ছোট ভাই জসিম (২২)-কে মিয়াকে চুনারুঘাট পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, ১৫ এপ্রিল অনুমান ৩টায় বড় ভাই রুয়েল মিয়া (২৪) একটি গাছ কেটে বাড়ির সামনে রাখে। উক্ত গাছটি দিয়ে তাহার আপন ছোট ভাই জসিম মিয়া (২২) টিউবওয়েলের বেড়ার কাজে লাগায়। বিষয়টি নিয়ে রুয়েল এর সহিত তার ভাই জসিম মিয়া, ভাই সোহেলের স্ত্রী স্বরুপা বেগম ও মাতা আবেদা খাতুনদের সাথে কথা কাটাকাটি ও মারামারি হয়।

মারামারির একপর্যায়ে জসিম মিয়া (২২) তার ভাই রুয়েল মিয়াকে গাছের ঢাল দিয়া ঘাড়ের পিছনে আঘাত করলে সে গুরুত্বর আহত হয়ে মাটিতে পড়ে যায়। তাৎক্ষণিক তাকে তার স্ত্রী তাছলিমা খাতুন লোকজনের সহায়তায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।বুধবার(১৬ এপ্রিল) দিবাগত রাত ১০টায় সিলেট মাজার গেইট সংলগ্ন নূরজাহান ক্লিনিকে মৃত্যুবরণ করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রাতেই ঘাতক ছোট ভাই জসিম মিয়াকে গ্রেফতার করে।