হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন বিবিরহাট এলাকা থেকে নিখোঁজ হওয়া কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব-৭ এর একটি বিশেষ দল। হাটহাজারীর মেখল ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে কিশোরীটিকে উদ্ধার করা হয়।

হাটহাজারী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসপি সাইফুর রহমান উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব ৭ এর সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পের ডিএডি মো. নুরুল আলম জানান, গত ১৫ মে বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের সুন্নীয়া মাদরাসার সলিমুল্লাহ শাহ এলাকা থেকে কিশোরীটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে তার পরিবার ১৬ মে পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।