গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : দেশে হাম রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলাতেও শুরু হচ্ছে ব্যাপক হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। এ কর্মসূচির আওতায় উপজেলায় মোট ৩৫ হাজার ৩২০ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এডভোকেসি (প্রস্তুতি) সভায় এ তথ্য জানানো হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ জানান, আগামী ২০ এপ্রিল থেকে শুরু হয়ে টানা তিন সপ্তাহ এ কার্যক্রম চলবে।

তিনি আরও জানান, এই ক্যাম্পেইনে কমিউনিটি পর্যায়ে শূন্য থেকে ৫৯ মাস বয়সী ২৭ হাজার ৪৭৩ জন শিশুকে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৭ হাজার ৮৪৭ জন শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে হাম ও রুবেলা রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সভায় বক্তারা বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। সময়মতো টিকা প্রদানই এ রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। এজন্য অভিভাবকদের সচেতন হয়ে নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের টিকাকেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানানো হয়।

এডভোকেসি সভায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের চিকিৎসক তারেক আব্দুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামানিক, ইপিআই টেকনিশিয়ান মনিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, টিকাদান কার্যক্রম সফল করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীরা কাজ করবেন এবং প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।