স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে কাপাসিয়ায় আন্তঃউপজেলা বাস ভাড়া আংশিক কমানোর উদ্যোগ নিয়েছেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইউবী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাস মালিক সমিতির সঙ্গে ধারাবাহিক আলোচনার পর অবশেষে যাত্রীসাধারণের স্বার্থে তিনটি পরিবহনের ভাড়া কমানোর সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে, যা আজ থেকে চালু হয়েছে।
এ বিষয়ে এমপি সালাউদ্দিন আইউবী জানান, পার্শ্ববর্তী উপজেলার তুলনায় কাপাসিয়ায় বাস ভাড়া অস্বাভাবিকভাবে বেশি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। তিনি প্রথমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করলেও প্রত্যাশিত সমাধান না পাওয়ায় সরাসরি সড়ক ও পরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি বাস মালিকদের সঙ্গে একাধিক বৈঠকের মাধ্যমে বাস্তবসম্মত সমাধানে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যান।
তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট, কাপাসিয়া ব্রিজের টোল, সড়কে নৈরাজ্যকর পরিস্থিতি, প্রশাসনিক সীমাবদ্ধতা এবং বিভিন্ন ধরনের হয়রানির কারণে ভাড়া কমানো সহজ ছিল না। তবুও জনদুর্ভোগ কমাতে আলোচনা ও সমঝোতার মাধ্যমে অন্তত আংশিকভাবে ভাড়া কমানো সম্ভব হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গাজীপুর থেকে টোক পর্যন্ত অনন্যা ক্লাসিক পরিবহনের ভাড়া ২০০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা, অনন্যা পরিবহনের ভাড়া ১৯০ টাকা থেকে ১৫০ টাকা এবং জলসিঁড়ি পরিবহনের ভাড়া ১৭০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এমপি আরও জানান, নতুন ভাড়ার ভিত্তিতে টিকিট পুনর্মুদ্রণ প্রক্রিয়া চলমান রয়েছে। আপাতত পুরনো টিকিটে বিশেষ সিল ব্যবহার করে নতুন ভাড়া কার্যকর করা হবে।
তিনি কাপাসিয়াবাসীর উদ্দেশ্যে বলেন, 'আপনাদের আস্থা ও ভালোবাসা আমাকে কাজ করার অনুপ্রেরণা দেয়। সকল পক্ষকে সঙ্গে নিয়ে কাপাসিয়ার পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে চাই। এ লক্ষ্যে আপনাদের সহযোগিতা ও ধৈর্য অপরিহার্য।'
স্থানীয় যাত্রী ও সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন পর হলেও ভাড়া কমানোর এ সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও পরিবহন এই সিদ্ধান্তের আওতায় আসবে এবং কাপাসিয়ার যাতায়াত ব্যবস্থা আরও জনবান্ধব হবে।