ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজার জেলা পরিষদ কর্তৃক গৃহীত ২২টি উন্নয়ন প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প চকরিয়া-পেকুয়া এলাকায় বরাদ্দ দেওয়ায় জেলার অন্যান্য উপজেলার সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে ঈদগাঁও, রামু, উখিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার বাসিন্দারা এ বরাদ্দকে অসম বণ্টন হিসেবে দেখছেন।
স্থানীয় সচেতন মহল বলছেন, জেলার প্রতিটি উপজেলার উন্নয়ন প্রয়োজন হলেও অধিকাংশ প্রকল্প একটি নির্দিষ্ট অঞ্চলে কেন্দ্রীভূত হওয়ায় অন্য এলাকার জনগণ বঞ্চিত হচ্ছে। এতে সমতা ও ন্যায্যতার প্রশ্ন উঠেছে।
জনসাধারণের দাবি, জেলা পরিষদের প্রকল্প গ্রহণ ও বরাদ্দ প্রদানের ক্ষেত্রে সকল উপজেলার জনসংখ্যা, অবকাঠামোগত প্রয়োজন ও উন্নয়ন বৈষম্য বিবেচনায় এনে সুষম বণ্টন নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা বলেন, জেলার সার্বিক উন্নয়নের স্বার্থে প্রকল্প বণ্টনে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি। অন্যথায় জনমনে ক্ষোভ আরও বাড়তে পারে।