নবাবগঞ্জ উপজেলা (ঢাকা) সংবাদদাতা : ঢাকার নবাবগঞ্জে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এর বিরুদ্ধে।
গতকাল বুধবার নয়নশীরি ইউনিয়নের বিলপল্লী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন আহত বিএনপি কর্মী আয়নাল হোসেন। আয়নাল একই ইউনিয়নের শয়তান কাঠির কফিল উদ্দিন এর ছেলে।
অভিযোগ থেকে জানা যায়, আয়নাল বিলপল্লী বাজারে বসে চা খাচ্ছিলেন। হঠাৎ ঊপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর আলম ১০-১২ জন লোক নিয়ে তাকে কুপিয়ে জখম করে। পরে বাজারের লোকজন আয়নালকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে ভর্তি করে। এ ব্যাপারে অভিযুক্ত যুবলীগ নেতা নূর আলম বলেন, ঘটনার দিন সে এলাকাতেই ছিলো না।