বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলার সদর উপজেলার ভাদসা ইউনিয়ন শাখার সাবেক প্রচার সেক্রেটারি, প্রবীণ সদস্য (রুকন) আবুল হাসনাতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গতকাল রোববার এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, আবুল হাসনাতের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তার অনেক অবদান রয়েছে। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

উল্লেখ্য, আবুল হাসনাত বার্ধক্যজনিত কারণে গত ২৪ এপ্রিল সন্ধ্যা ৭টায় ৭৫ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তার স্ত্রী, ১ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রয়েছে। ২৫ এপ্রিল সকাল ১১টায় গোপালপুর বাজার মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।