পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধরভাঙ্গা এলাকা থেকে বিলুপ্ত প্রজাতির একটি আহত নীলগাই উদ্ধার করেছে বন বিভাগ।
বুধবার (৯ এপ্রিল) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধরভাঙ্গা এলাকা থেকে নীলগাইটি উদ্ধার করা হয়।
আহত নীলগাইটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঞ্চগড় বন বিভাগে রাখা হয়েছে।
বন বিভাগ জানিয়েছে, সুস্থ হলে নীলগাইটিকে গাজীপুরের সাফারি পার্কে প্রেরণ করা হবে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ভারত থেকে পঞ্চগড় সদর উপজেলার প্রধানপাড়া সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া ভেঙে বাংলাদেশে প্রবেশ করে নীলগাইটি। পরে স্থানীয় শত শত মানুষ হরিণ ভেবে নীলগাইটিকে তাড়া করে। বিকেলে জয়ধরভাঙ্গা এলাকায় পাঙ্গা নদীতে ঝাঁপ দিলে সেখান থেকে নীলগাইটিকে ধরে বেধে রাখে স্থানীয়রা। খবর পেয়ে স্থানীয় বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়।
পঞ্চগড় বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত নীলগাইটি উদ্ধার করে পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঞ্চগড় বন বিভাগের একটি কক্ষে রাখা হয়েছে।