খুলনার রেলওয়ে পুলিশ লাইনে ডিউটিরত এক পুলিশ কনস্টেবলের মৃত্যুর ঘটনা ঘটেছে। কনস্টেবল সম্রাট বিশ্বাস (বিপি নং: ৯৯১৮২১৪৯২৯) শনিবার ভোর সাড়ে ৪টার দিকে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এই ঘটনাটি ঘটে। নিহত সম্রাট বিশ্বাস গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চরপদ্মবিলা গ্রামের শৈলেন বিশ্বাসের ছেলে। ২০১৮ সালে পুলিশে যোগ দেওয়া সম্রাট গত ছয় মাস আগে খুলনা রেলওয়ে পুলিশে বদলি হয়ে আসেন। নিহত কনস্টেবলের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন মহিলা পুলিশ সদস্য। সিসিটিভি ফুটেজ দেখা যায়, সম্রাট নিজের মাথায় চাইনিজ রাইফেল ঠেকিয়ে গুলী করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান বলেন, নিহত কনস্টেবল সম্রাট বিশ্বাস গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পদ্মবিলার বাসিন্দা শৈলেন বিশ্বাসের ছেলে। গত বছরের ৩ নবেম্বর এখানে যোগদান করেন তিনি। তার আচার-আচরণ ভাল ছিল। ভোর রাত ৪-৬টা পর্যন্ত তার ডিউটি ছিল।