উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের উলিপুরে চলতি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। কিন্তু বিভিন্ন এলাকায় পোঁকা-মাকড়ের আক্রমন দেখা দেয়ায় কীটনাশক স্প্রে করেও কোন সুফল না পাওয়ায় অনেক কৃষক হতাশ পয়ে পড়েছেন। এছাড়াও বোরো ক্ষেতে ব্যাপকভাবে ইঁদুর আক্রমণ করায় নিজস্ব উদ্যোগে খুঁটিতে পলিথিন বেঁধে এবং কৃষি বিভাগের পরামর্শে বাঁশের তৈরি ফাঁদ পেতে ক্ষেত রক্ষার চেষ্টা করছেন।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলায় ২২ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছ। ধান উৎপাদনের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৫ হাজার মেট্রিকটন। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষি বিভাগ লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদন হবে বলে আশা করছেন।

এদিকে উপজেলার দলদলিয়া, ধামশ্রেণী, থেতরাই, গুনাইগাছসহ বিভিন্ন এলাকার বোরো ক্ষেতে পোঁকার আক্রমণ দেখা দেয়ায় অনেক কৃষক হতাশ হয়ে পড়েছেন। ক্ষেত রক্ষায় এসব কৃষক জমিতে কীটনাশক স্প্রে করছেন।

উপজেলার দলদলিয়া ইউনিয়নের উত্তর দলদলিয়া গ্রামের কৃষক আব্দুল হাই জানান, আমার ৮০ শতক জমিতে মাঁজরা পোঁকা আক্রমণ করায় স্প্রে করলাম। একই এলাকার কৃষক জয়নাল আবেদিন তার ক্ষেতে কীট-নাশক স্প্রে করছেন।

উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের কৃষক আজগর আলী জানান, আমার ৩০ শতক জমিতে ইঁদুর আক্রমণ করে গাছ কেটে সাঁবাড় করে দিয়েছে। জমিতে খুঁটির মাথায় পলিথিন দিয়ে রক্ষা করার চেষ্টা করছি।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ইঁদুর মারার জন্য আমরা কৃষকদের জমিতে ওষুধ ও নিজস্ব প্রযুক্তিতে বাঁশের তৈরি ফাঁদ দিয়ে ইঁদুর নিধনের পরামর্শ দিয়েছি।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোশাররফ হোসেন বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান উৎপাদন হবে। তবে পোঁকা ও ইদুরের আক্রমনে আতংকিত না হয়ে কীটনাশক স্প্রে ও ইঁদুর নিধনের জন্য কৃষকদের পরামর্শ প্রদান করেন।