হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারীতে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে কিশোরগ্যাং প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

রবিবার স্থানীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, কিশোরগ্যাং একটি জটিল সামাজিক সমস্যা। এটি প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় সমাজকে একযোগে কাজ করতে হবে। তরুণদের সঠিক পথে পরিচালিত করতে অভিভাবক, শিক্ষক ও সমাজের সচেতন অংশকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মাদক প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে এটি একটি বড় সামাজিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। মাদক নিয়ন্ত্রণে শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টাও জরুরি। সমাজের প্রতিটি স্তরের মানুষকে এ বিষয়ে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সমন্বিত সামাজিক উদ্যোগের মাধ্যমেই কিশোরগ্যাং ও মাদক সমস্যার কার্যকর সমাধান সম্ভব।

অনুষ্ঠানে তিনি স্থানীয় উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও সংক্ষেপে তুলে ধরেন।

তবে অনুষ্ঠান শেষে তিনি সময়স্বল্পতার কারণে দ্রুত স্থান ত্যাগ করেন। ফলে নির্ধারিত কোনো প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়নি।

এদিকে, অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ না থাকায় স্থানীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু আলোচনায় আসেনি বলে জানান উপস্থিত গণমাধ্যমকর্মীরা। কিশোরগ্যাংয়ের বিস্তার, এর পেছনের সামাজিক কারণ, সম্ভাব্য মদদদাতা এবং গ্যাং কার্যক্রম নিয়ন্ত্রণে প্রশাসনিক করণীয় বিষয়ে বিস্তারিত জানার সুযোগ হয়নি।

অন্যদিকে, সম্প্রতি আলোচিত নিজ দলের কর্মী ফয়সালের হত্যার ঘটনাসহ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রতিমন্ত্রীর কোনো বিস্তারিত মন্তব্য পাওয়া যায়নি।

হাটহাজারীতে মাদক পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী স্বীকার করেন যে, এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। তবে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্দিষ্ট পদক্ষেপ বা কঠোর অভিযানের বিষয়ে তিনি কোনো বিস্তারিত দিকনির্দেশনা দেননি।

এছাড়া সরকারি ভূমি উদ্ধার, ভূমি অফিসের স্বচ্ছতা এবং দুর্নীতির বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অগ্রগতি নিয়েও কোনো সুনির্দিষ্ট মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মুমিন তার ভেরিফায়েড হোয়াটসেপ পোস্টে প্রতিমন্ত্রীর ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছিলেন।