শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: সুন্দরবন থেকে বৈধ অনুমতি নিয়ে কাঁকড়া আহরণ শেষে ফেরার পথে বনদস্যুদের ছোড়া গুলীতে এক জেলে গুরুতর আহত হয়েছেন। আহত জেলের নাম আতিয়ার রহমান (৬৫)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের মৃত মান্দার গাজীর পুত্র।
সুন্দরবনের কলাগাছিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, আতিয়ার রহমানসহ কয়েকজন জেলে সরকারি অনুমতি নিয়ে সুন্দরবনে কাঁকড়া আহরণ শেষে লোকালয়ে ফিরছিলেন। পথে কলাগাছিয়া এলাকায় পৌঁছালে বনের ভেতর থেকে বনদস্যুরা তাদের লক্ষ্য করে বারবার ডাকাডাকি করে। জেলেরা সামনে এগিয়ে গেলে হঠাৎ করেই বনদস্যুরা গুলী ছোড়ে। এ সময় একটি গুলী আতিয়ার রহমানের কোমরে বিদ্ধ হয়।
সহযোগী জেলেরা তাৎক্ষণিকভাবে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মিহির রঞ্জন প্রাথমিক চিকিৎসা দিয়ে জানান, গুলীটি তার কোমরের মাংসপেশিতে বিদ্ধ হয়েছে। তবে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।