টাঙ্গাইলের নাগরপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চারটি ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বণিক।
অভিযানে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর বিভিন্ন ধারায় চারটি ডায়াগনস্টিক সেন্টারকে নানা অনিয়মের কারণে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে শ্যামলী ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, নাগরপুর ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে ১৫ হাজার টাকা, ফ্রেন্ডশিপ ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা এবং হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদির, মেডিকেল অফিসার ডা. মামুনুর রশীদ খান ও থানা প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।