জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথমবারের মতো বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে "JUCSU Job Fair and Career Summit 2026"।
আগামীকাল (শুক্রবার) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী এই জব ফেয়ার অনুষ্ঠিত হবে। মেলা সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। জব ফেয়ার থেকে ৭০০ শিক্ষার্থীর চাকরি সুযোগ রয়েছে বলে জানান তারা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জাকসু ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান আয়োজকরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ গ্র্যাজুয়েটদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ক্যারিয়ার উন্নয়ন এবং দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। জব ফেয়ারে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ, চাকরির আবেদন ও রিক্রুটমেন্টের পাশাপাশি ক্যারিয়ার উন্নয়নমূলক নানা কার্যক্রম অনুষ্ঠিত হবে।
আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে 'Career Hub, Powered by BRAC'। প্লাটিনাম স্পন্সর 'New Zealand Dairy' ও 'Everest Pharmaceuticals'। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে English Therapy, Akij Healthcare & Hygiene Limited, Terraprime Hotels & Resorts Pvt. Limited এবং Islami Bank Bangladesh Limited। এছাড়া সিলভার স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে The ACME Laboratories Limited, Spark Ride Technology Limited এবং Hamdard Laboratories Waqf Bangladesh।
জব ফেয়ারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে IIDFC Securities Limited, E-Learning & Earning Limited, Data Solution 360 Limited, Abul Khair Group, RFL Group, IFAD Group, BEXIMCO Pharmaceuticals Limited এবং Rhythm Blood Center। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চাকরিপ্রার্থী শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগের পাশাপাশি নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়ায় অংশ নেবেন।
আয়োজনে রিফ্রেশমেন্ট পার্টনার হিসেবে 'Polar', বেভারেজ পার্টনার হিসেবে 'PRAN' এবং কফি পার্টনার হিসেবে 'Nescafé' থাকছে। তরুণ প্রজন্মের কাছে এই আয়োজনের খবর পৌঁছে দিতে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে The Financial Express, The Daily Campus, Star News, Channel One এবং Face The People।
দিনব্যাপী জব ফেয়ারের মূল কার্যক্রম শেষে একই দিন সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে (Senate Bhaban) অনুষ্ঠিত হবে "Road to Corporate — Career Session"। এই ক্যারিয়ার এক্সটেনশন সেশনে তিনজন খ্যাতনামা কর্পোরেট স্পিকার উপস্থিত থাকবেন। তারা কর্পোরেট ক্যারিয়ার, পেশাগত উন্নয়ন, কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা ও ক্যারিয়ার গ্রোথ নিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেবেন।
আয়োজকদের মতে, এটি শুধু একটি চাকরির মেলা নয়; বরং শিক্ষার্থী ও তরুণ গ্র্যাজুয়েটদের জন্য রিক্রুটমেন্ট, নেটওয়ার্কিং, ক্যারিয়ার লার্নিং এবং ইন্ডাস্ট্রি এক্সপোজারের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার প্ল্যাটফর্ম। এরমাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের সরাসরি সংযোগ ঘটে ভবিষ্যৎ কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।