ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে প্রকাশ্যে বালু লুট করে বিক্রি করছে বালুদস্যুরা।

জানাগেছে, ধামরাই উপজেলার বালিয়া এলাকায় বংশী নদী থেকে প্রকাশ্যে বালু কেটে ২৫/৩০ টি মাহেন্দ্র ট্রাকটার যোগে দিনে দিনে ও রাতে লুটপাট করেই চলছে স্থানীয় আমজাদ নামে এক বালুদস্যু। বংশী নদীতে বালু লুটের কারণে কবরস্থান, বাড়িঘর এখন ভাঙনের মুখে। বালুদস্যু আমজাদ নদীর বালু বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এই বালু লুটের বিরুদ্ধে যদি কোন ব্যাক্তি এর প্রতিবাদ করে তাহলে ঐ ব্যাক্তিকে হুমকি ধামকি সহ মারধর করে থাকেন বালুখেকু এই সন্ত্রাসী বাহিনী। বালুদস্যুরা জানান, বালিয়া ইউনিয়ন ভূমি অফিস কে অর্থের বিনিময়ে ম্যানেজ করেই আমরা এই বালু বিক্রি করছি। আপনি পত্রিকায় রিপোর্ট করলে আমাগো কিছুই হবে না কারন আমাদের গডফাদার আছে তার হাত অনেক লম্বা। এ দিকে বংশী নদীর বালুলুটের কারণে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণের রাজস্ব। উল্লেখ্য থাকে যে প্রশাসনের ছত্রছায়ায় চলছে বংশী নদীর বালু লুটপাট।

এ ব্যাপারে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ এ প্রতিবেদককে বলেন , খোঁজ খবর নিয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।