সখিপুর সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুরে সংরক্ষিত বন থেকে গাছের নিচে চাপা পড়া অবস্থায় সবুজ মিয়া (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দাড়িয়াপুর উত্তরপাড়া এলাকার একটি বন থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সবুজ ওই এলাকার নালু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১২ এপ্রিল) রাতে সবুজ বন বিভাগের সংরক্ষিত প্লটে গাছ কাটতে যান। ধারণা করা হচ্ছে, গাছ কাটার সময় হঠাৎ গাছ ভেঙে পড়ে তিনি নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

সোমবার (১৩ এপ্রিল) সকালে স্থানীয়রা বনের ভেতরে গাছের নিচে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।