পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবিতে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেনের ওপর হামলা চালিয়ে তাকে গুলী করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। বহিরাগত ভাড়াটে সন্ত্রাসীদের ছোঁড়া গুলী লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে গেছেন। পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে একজন সন্ত্রাসীকে বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড গুলীসহ ধরে গণপিটুনি দিয়েছেন। পুলিশ এসে তাঁকে মুমূর্ষবস্থায় উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল সোমবার রাত সোয়া দশটায় বাংলা নববর্ষের দিন পাঁচবিবি সুপার মার্কেটের নিউ গার্মেন্টস নামে একটি দোকানের সামনে এ হামলা ও গুলী ছোঁড়ার ঘটনা ঘটেছে।
পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম বলেন, ছাত্রদলের সাবেক নেতা শামীমের ওপর হামলা হয়েছিল। বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলীসহ একজনকে আটক করা হয়েছে। তিনি ফরিদপুর বাসিন্দা। অভিযোগ দায়ের হয়েছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।