বগুড়ায় প্রধানমন্ত্রীর প্রটোকলের দায়িত্ব পালন করতে এসে পুলিশ সুপারের কার্যালয়ের ভেতরেই পকেটমারের কবলে পড়েছেন এক পুলিশ কর্মকর্তা। পকেটমার তার মানিব্যাগ হাতিয়ে নিয়েছেন। রোববার (১৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বগুড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরেকবার প্রশ্নের মুখে পড়লো।

জানাগেছে, ভুক্তভোগী পুলিশ কর্মকর্তার নাম সৌরভ। তিনি এসআই পদে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশে কর্মরত। প্রধানমন্ত্রীর বগুড়ায় আগমন উপলক্ষে ভিওআইপি ডিউটির জন্য বগুড়ায় এসেছেন। রোববার তিনি কার্যালয়ের অ ভ্যর্থনা কক্ষে প্রয়োজনীয় কাজের জন্য পকেট থেকে মানিব্যাগ বের করে একটি ছবি নেন এবং অফিসিয়াল কার্যক্রম সম্পন্ন করেন। কিছুক্ষণ পর বুঝতে পারেন তার পকেটে মানিব্যাগ নেই! খোয়া যাওয়া মানিব্যাগে নগদ ৫ হাজার টাকা, একটি ব্যাংকের এটিএম কার্ডসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল বলে তিনি জানান। এ বিষয়ে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান বলেন, “বিষয়টি সম্পর্কে আমি এখনও অবগত নই। বিষয়টি জেনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনাটি নিয়ে পুলিশের অভ্যন্তরেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগের দিনে খোদ এসপি অফিসের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলছেন অনেকেই।