নারায়ণগঞ্জে ‘জুলাই বিপ্লবের ২য় বর্ষ’ উদযাপন উপলক্ষে ইসলামী ছাত্রশিবির মহানগর শাখা আয়োজিত মিছিলে হামলা চালিয়েছে ছাত্রদল। বুধবার (৫ আগস্ট) দুপুরে শহরের চাষাঢ়া মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং শিবিরের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে শহরের মিশনপাড়া এলাকা থেকে মহানগর শিবিরের উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়। মিছিলটি চাষাঢ়া মোড়ে পৌঁছালে ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। আকস্মিক এই হামলায় শিবিরের মিছিলটি পণ্ড হয়ে যায় এবং এলাকায় জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর জানা যায়, সরকারি তোলারাম কলেজ শাখা শিবিরের সভাপতি তামিম ও সাধারণ সম্পাদক ফয়সালকে আটকে রেখে নির্যাতন চালিয়েছে ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে তারা গুরুতর আহত হন।

হামলার ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে শিবির সভাপতি অমিত হাসান জানান—পূর্বপরিকল্পিতভাবে তোলারাম কলেজের শিবির নেতৃবৃন্দের ওপর ছাত্রদলের কিছু লোক হামলা করেছে, এর নিন্দা ও ধিক্কার জানাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ছাত্রদলের জড়িত হামলাকারীদের বিচার দাবি করেন।

ঘটনার সূত্রে জানা যায়, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সরকারি তোলারাম কলেজ। অন্যান্য ছাত্র সংগঠনের মতো শিবির নেতৃবৃন্দ তোলারাম কলেজ সভাপতি, সেক্রেটারি ও অর্থ সম্পাদক উপস্থিত হন এবং সভাপতি বক্তব্য রাখেন। প্রোগ্রাম শেষে শিবির নেতৃবৃন্দ কলেজ থেকে বের হলে তাদের ওপর ছাত্রদলের তুহিন, রাজিবসহ ১০/১২ জন নেতার নেতৃত্বে তোলারাম কলেজ শাখা শিবির সভাপতির ওপর হামলা করে। খবর পেয়ে শিবির নেতা-কর্মীরা তাদেরকে উদ্ধার করতে ডাকবাংলোর সামনে আসলে তাদের ওপরও ছাত্রদল হামলা করে আহত করে। সভাপতি-সম্পাদককে উদ্ধার করে হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে।