বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমানকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গুলশান থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ (৩০ জুন) দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় গুলশান থানা পুলিশের একটি টিম ডিএমপির কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাশুকুর রহমানকে গ্রেফতার করে।
প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত মাশুকুর রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দায়েরকৃত মামলায় মোট ২১টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, গুলশান থানার একটি প্রতারণা মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি তিনি।
তিনি বলেন, গ্রেপ্তার আসামি মাসুকুর রহমানের বিরুদ্ধে মোহাম্মদপুর, মতিঝিলসহ বিভিন্ন থানায় অন্তত দুই ডজন মামলা রয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সোনিয়া মেহজাবিন ও তার স্বামী ই-অরেঞ্জ ডট শপের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমান সুমনসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত।
প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের একটি মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শেষে এই পরোয়ানা জারি করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম।
উল্লেখ্য, প্রতারণার মাধ্যমে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে সারা দেশে ই-অরেঞ্জের বিরুদ্ধে শত শত মামলা রয়েছে।