খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে মহানগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মঞ্জুরুল ইসলাম ওই এলাকার বাসিন্দা খোকনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

নিহতের স্বজনরা জানান, মঞ্জুরুল আগে পড়াশোনা করতেন। কিন্তু পরিবারের আর্থিক অনটনের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। পরবর্তীতে তিনি বাবার সঙ্গে সেন্টারিংয়ের কাজ শুরু করেন। ঘটনার দিন বুধবার তিনি কাজে যাননি। এলাকায় ভালো ছেলে হিসেবেই তার সুপরিচিতি ছিল এবং কারও সঙ্গে তার কোনো পূর্বশত্রুতাও ছিল না। সন্ধ্যার দিকে নিজ এলাকায় অবস্থানকালে হঠাৎ দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার পর স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, আশিবিঘা এলাকার একটি ফাঁকা মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে হওয়া কোনো বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্ত শেষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।