পটুয়াখালীর বাউফলের আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজহার উদ্দিন খানের (৬০) হানি ট্র্যাপের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছে কয়েকশ নারী-পুরুষ। শনিবার (১ আগস্ট) দুপুরে এ ঝাড়ু মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন শাহীন রেজা, রফিকুল ইসলাম, মাওলানা মো. মোজাম্মেল ও আলাউদ্দিন খান। মানববন্ধন শেষে কাশিপুর বাজার থেকে হাজিরহাট পর্যন্ত এক ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অসংখ্য নারী-পুরুষকে অংশগ্রহণ করতে দেখা যায়।

উল্লেখ্য, আদাবাড়িয়া ইউনিয়নের ইসাহাক হাওলাদারের ছেলে ব্যবসায়ী শহিদুল ইসলামকে (৩০) বিএনপি নেতা আজহার উদ্দিন খান এক নারীকে দিয়ে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ১৫ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেন। এ ঘটনায় হানি ট্র্যাপের শিকার শহিদুল ইসলাম একটি মামলা করেন। ওই মামলায় পুলিশ বিএনপি নেতা আজহার উদ্দিনকে গ্রেপ্তার করলে কয়েক মাস কারাবাসের পর তিনি জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান।

এ ঘটনার পর বাউফল উপজেলা বিএনপি আজহার উদ্দিন খানকে দলীয় পদ থেকে বহিষ্কার করে। এরপর থেকে বিএনপির বহিষ্কৃত নেতা আজহার উদ্দিন খান স্থানীয়দের নানাভাবে ভয়ভীতি প্রদর্শনসহ দেখে নেওয়ার হুমকি প্রদান করতে থাকেন।