বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, গবেষণা এবং সৃজনশীল চিন্তাকে উৎসাহিত করতে অধিভুক্ত কলেজগুলোর শিক্ষক ও শিক্ষার্থীদের ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬’ শীর্ষক বিজ্ঞান মেলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ইতোমধ্যে এ মেলায় অংশগ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। নিবন্ধনের শেষ সময় আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর আগ্রহী শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী মডেল বা প্রকল্প নিয়ে এ বিজ্ঞান মেলায় অংশ নিতে পারবেন। তবে প্রতিযোগিতায় উপস্থাপিত প্রকল্প অবশ্যই অংশগ্রহণকারীর নিজস্ব ও মৌলিক হতে হবে। এর আগে কোথাও উপস্থাপিত বা প্রদর্শিত কোনো প্রকল্প এ প্রতিযোগিতার জন্য গ্রহণযোগ্য হবে না।

বিজ্ঞানভিত্তিক নতুন চিন্তা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং গবেষণামুখী উদ্যোগকে সামনে এগিয়ে নেওয়াই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশের পাশাপাশি তরুণ গবেষক ও উদ্ভাবকদের নতুন সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ৩০ অক্টোবর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেরা উদ্ভাবন ও প্রকল্পের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার, বিশেষ সম্মাননা এবং আর্থিক সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া প্রথম পাঁচজন বিজয়ীর জন্য স্টার্টআপ উদ্যোগে আকর্ষণীয় আর্থিক সহায়তার সুযোগও থাকবে।

অধিভুক্ত কলেজগুলোর শিক্ষক ও শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। নিবন্ধনের জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশনের নিবন্ধন পেজ-এ প্রবেশ করতে হবে। নিবন্ধনের ক্ষেত্রে আয়োজকদের নির্দেশনা ও নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে।

National University Teachers and Students Urged to Participate in Science Fair