টাঙ্গাইলের ঘাটাইলে অবস্থিত শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের আর্মি মেডিক্যাল কোর সেন্টার অ্যান্ড স্কুল (এএমসিসিএন্ডএস)-এ আর্মি মেডিক্যাল কোর এবং আর্মি ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
সম্মেলনে সেনাপ্রধান উপস্থিত উভয় কোরের অধিনায়ক ও অন্য কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় তিনি আর্মি মেডিক্যাল কোর ও আর্মি ডেন্টাল কোরের প্রযুক্তিগত উন্নয়ন, আধুনিক গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।
চিকিৎসা সেবায় এই দুই কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও অবদানের ভূয়সী প্রশংসা করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে সেবামূলক কার্যক্রমের মাধ্যমে এই কোরগুলোর প্রশংসনীয় ভূমিকা আগামীতেও অব্যাহত থাকবে।
সম্মেলনে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের মহাপরিচালক, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জিওসি, সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডারসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কোরের অধিনায়ক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস