বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিএ ও বিএসএস পরীক্ষা-২০২৫ আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) থেকে দেশব্যাপী একযোগে শুরু হচ্ছে। সারাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ২৮৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার বিএ ও বিএসএসের ১ম থেকে ৬ষ্ঠ সেমিস্টারে মোট ২ লাখ ৪৭ হাজার ১৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৫ হাজার ৫৭৭ জন এবং নারী ১ লাখ ১ হাজার ৪৩৬ জন।

বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতি শুক্র ও শনিবার সকাল ও বিকেলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত।

পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে বাউবি কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পরীক্ষাকেন্দ্রগুলোতে নিরাপত্তা ও সার্বিক পরিবেশ নিশ্চিতের পাশাপাশি বাউবির ভিজিল্যান্স টিম বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করবে।

পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।