দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সুশাসন ও প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে অ্যাডহক কমিটি গঠন নিয়ে জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের আওতাধীন যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠিত হয়নি, সেসব প্রতিষ্ঠানকে দ্রুততম সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খানের স্বাক্ষর করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
বোর্ডর আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের কাছে এই নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে এবং বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৬ মার্চের পরিপত্রের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে, আগামী ১০ কর্মদিবসের মধ্যে নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে অ্যাডহক কমিটি গঠন নিশ্চিত করতে হবে।
নির্ধারিত এই সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা অধ্যক্ষ সরাসরি দায়ী থাকবেন। নির্দেশ অমান্য বা কমিটি গঠনে ব্যর্থতার ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে প্রচলিত বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, নিয়মিত ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি গঠনের পূর্বশর্ত হিসেবে এই অ্যাডহক কমিটি গঠনের ওপর জোর দেওয়া হচ্ছে, যাতে প্রতিষ্ঠানের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রমে কোনো ধরনের স্থবিরতা তৈরি না হয়।