দেশপ্রেম, দায়িত্ববোধ ও সুশাসন প্রতিষ্ঠায় শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগে সাংস্কৃতিক পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্ব, সৃজনশীলতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশে পরিণত করতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও কলেজে তেজগাঁও কলেজ ডিবেটিং ক্লাব (টিসিডিসি) আয়োজিত ‘১ম জাতীয় বিতর্ক উৎসব ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উৎসবে কলেজ পর্যায়ের ৩২টি ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৩২টি দলসহ মোট ৬৪টি দল অংশ নেয়।

ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, 'দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগিয়ে তুলতে এবং সুশাসন নিশ্চিত করতে সাংস্কৃতিক বিপ্লব জরুরি। আমরা আমাদের ছেলেমেয়েদের মাধ্যমে সারাদেশে এই সাংস্কৃতিক পরিবর্তন আনতে চাই।'

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান ও পেশায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা নেতৃত্ব দিচ্ছেন। ব্যাংক, বীমা, করপোরেট প্রতিষ্ঠান ও আর্থিক খাতেও তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই শিক্ষার্থীদের নিজেদের নিয়ে ছোট ভাবার কোনো কারণ নেই। প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে ‘আমি পারব’—এই আত্মবিশ্বাস তৈরি করতে হবে।

তিনি বলেন, শিক্ষাঙ্গনে মতপার্থক্য ও প্রতিযোগিতা থাকবে, তবে তা হতে হবে গঠনমূলক। শিক্ষকরা প্রতিষ্ঠানের স্বার্থে এবং শিক্ষার্থীরা শিক্ষার্থীদের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করলে একটি সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি হবে।

বিতার্কিকদের উদ্দেশে ভিসি বলেন, সমাজের বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে বিতর্কের আয়োজন করতে হবে। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, সমস্যা বিশ্লেষণ ও নেতৃত্বের সক্ষমতা বাড়াতে হবে। ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সমন্বয়ে শিক্ষার্থীদের বিকশিত করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

তেজগাঁও কলেজকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, কলেজে কালচারাল ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, সাইবার সিকিউরিটি ক্লাব, ক্যারিয়ার ক্লাব ও মাইন্ড ক্লাবসহ শিক্ষার্থীদের বহুমুখী বিকাশে সহায়ক বিভিন্ন ক্লাব কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, বিতর্ক তরুণদের চিন্তা করতে, প্রশ্ন করতে এবং যুক্তির মাধ্যমে নিজের বক্তব্য প্রতিষ্ঠা করতে শেখায়। তথ্য, যুক্তি ও আবেগের পার্থক্য বোঝার সক্ষমতাই একজন শিক্ষার্থীর প্রকৃত বুদ্ধিবৃত্তিক শক্তি।

‘তারুণ্যের কলতানে, মুক্তির জয়গানে জেগে উঠুক বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি অধ্যাপক মো. লুৎফর রহমান। তেজগাঁও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার ও মো. ফখরুল ইসলাম ভূঁইয়া রবিনসহ শিক্ষক, শিক্ষার্থী ও বিতার্কিকরা উপস্থিত ছিলেন।