আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রক্ষা এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে হারিয়ে যাওয়া মূল্যবান সময় বাঁচানোর উদ্যোগ হিসেবে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এই পাবলিক পরীক্ষা শুরু হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সময়সূচি পেছানোর কোনো সুযোগ নেই।
দীর্ঘদিন ধরে দেশে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হয়ে আসছিল। কিন্তু করোনা মহামারিসহ নানা সংকটের কারণে বিগত বছরগুলোতে সেই নিয়মিত সূচি ব্যাহত হয়। এর ফলে প্রতিবছর শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে কয়েক মাস করে মূল্যবান সময় অপচয় হচ্ছিল, যা পরবর্তীতে বিদেশে উচ্চশিক্ষায় ইচ্ছুক শিক্ষার্থীদের সেশনজটের মুখে ফেলছিল।
এই দীর্ঘদিনের অনিয়ম কাটিয়ে শিক্ষাবর্ষের কার্যক্রম ও পরীক্ষার সময়সূচি ধীরে ধীরে স্বাভাবিক ও পুরনো ছন্দে ফিরিয়ে আনার অংশ হিসেবেই ২০২৭ সালের পরীক্ষা জানুয়ারিতে নেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকার ঘোষিত ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, এসএসসির নির্বাচনী বা টেস্ট পরীক্ষা আগামী ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১৮ নভেম্বরের মধ্যে। সাধারণত নির্বাচনী পরীক্ষা শেষ হওয়ার পর মূল এসএসসির প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা আড়াই থেকে তিন মাস সময় পেয়ে থাকে। তবে ২০২৭ সালের জানুয়ারির শুরুতে পরীক্ষা শুরু হওয়ায় টেস্ট পরীক্ষার পর শিক্ষার্থীরা প্রস্তুতির জন্য মাত্র দুই মাস বা তার চেয়েও কম সময় পাচ্ছে।
তবে, স্বল্প সময়ে সিলেবাস শেষ হওয়া নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ইতিমধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, নির্বাচনী পরীক্ষার পর প্রস্তুতির সময় কমে যাওয়ায় শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি হতে পারে, যার নেতিবাচক প্রভাব পরীক্ষার ফলাফলেও পড়তে পারে। বিশেষ করে মফস্বল বা শহরের বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষ করা বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন শিক্ষকরা।
তবে এসব শঙ্কা উড়িয়ে দিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্পষ্ট জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময়ের আগেই পাঠ্যসূচি শেষ করে টেস্ট পরীক্ষা সম্পন্ন করতে হবে।
তিনি আরও বলেন, যথাযথ উপায়ে সিলেবাস শেষ করা হলে শিক্ষার্থীদের প্রস্তুতিতে বড় ধরনের কোনো সমস্যা হওয়ার কথা নয়।