পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) গলাচিপা পৌর শহরের গ্রামীণ ব্যাংকের সামনে সকাল ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার মোহাম্মদ আল ফয়সাল (২২) ও তামিম ইকবাল (১৬)। নিহত তামিম ইকবাল গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার বাসিন্দা মো. ঝিলাম মিয়ার ছেলে। অপর নিহত আল ফয়সাল তামিরুল মিল্লাত ঢাকা টুঙ্গি শাখার আলিম প্রথম বর্ষের ছাত্র ছিলেন এবং একই এলাকার ব্যবসায়ী আবুল হোসেন (আবু) মিয়ার ছেলে। আহত ব্যক্তিরা হলেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রিকশাচালক সোহাহ হাওলাদার (২৫) ও রতনদী হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা ইমরান হোসেন (৪০)।

patua

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে দুই তরুণ দ্রুতগতির একটি মোটরসাইকেলে কালিকাপুর থেকে গলাচিপা শহরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা সড়ক দিয়ে একটা ছোট গলিতে প্রবেশ করিতেছিল। এ সময় গ্রামীণ ব্যাংকের সামনে তাদের মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তামিম ইকবাল ও আল ফয়সাল গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিম ইকবালকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আল ফয়সাল মারা যান।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ঈদের দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় নিহত দুই যুবকের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।