ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে দিনব্যাপী ‘ইয়ং স্কলার’ সেমিনার গতকাল বুধবার বিভাগীয় সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নাছিমা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম প্রধান অতিথি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ধন্যবাদ জ্ঞাপন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শান্তনু মজুমদার। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তরুণদের দ্বারাই এই দেশ ও আগামী বিশ্ব পরিচালিত হবে। তাই তাদের আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে আরও মনোযোগী হতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা-সহ আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্বমানের গ্র্যাজুয়েট হিসেবে গড়ে উঠতে হবে। আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে সম্মানজনক পর্যায়ে উন্নীত করতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।