শিক্ষার্থীদের উন্নত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আধুনিক ল্যাব উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন ও জকসুর নেতৃবৃন্দ যৌথভাবে ল্যাবটির উদ্বোধন করেন।

নতুন ল্যাবে প্রায় ১৩ ধরনের আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেডিকেল সেন্টারেই বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবেন।
উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বলেন, “একটি ২১ বছরের বিশ্ববিদ্যালয় দুইজন ডাক্তার দিয়ে চলে—এটা তো হতে পারে না।” তিনি বলেন, জকসুর দেওয়া মেশিনগুলো কীভাবে ব্যবহার ও পরিচালনা করা হবে, সে বিষয়ে দ্রুত নীতিমালা প্রণয়ন করা হবে। পাশাপাশি মেডিকেল সেন্টারে চক্ষু ও ডেন্টাল সেকশন চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
জকসুর ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, মেডিকেল সেন্টারটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় ছিল। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বর্তমানে দুইজন চিকিৎসক ও তিনজন নার্স নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত চক্ষু ও দন্ত চিকিৎসাসেবাও চালু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জকসুর জিএস আব্দুল আলিম আরিফ বলেন, নতুন ল্যাবে প্রায় ১৩ ধরনের ইকুইপমেন্ট রয়েছে। এসব যন্ত্রের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ তৈরি হয়েছে। নতুন ল্যাবের পাশাপাশি প্রয়োজনীয় জনবল যুক্ত হলে মেডিকেল সেন্টারের দীর্ঘদিনের সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।