বদরগঞ্জ (রংপুর), সংবাদদাতা

‘শুধু মেধাবী হলেই হবে না, জীবনে ভালো মানুষ হতে হবে। দেশ, সমাজ ও মানুষের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে হবে।‘বদরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের এ প্লাস সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের এমপি প্রার্থী এটিএম আজহারুল ইসলাম।

গতকাল শনিবার সকালে বদরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বদরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের এ প্লাস সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শতাধিক এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী এবং অভিভাবক অংশগ্রহণ করে। অনুষ্ঠানে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও বই উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বদরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমান সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে আজকের এই সুন্দর আয়োজনে তোমাদের মাঝে উপস্থিত হতে পেরেছি। তোমরা যারা এ প্লাস অর্জন করেছ, তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। একই সঙ্গে তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও অভিনন্দন জানাই। তাদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও সহযোগিতার কারণেই তোমরা আজ এই সাফল্য অর্জন করতে পেরেছ।’

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখবে, তবে শুধু নিজের জন্য নয়-পরিবার, সমাজ ও দেশের জন্য কাজ করার মধ্যেই সার্থকতা। ভালো ফলাফল তোমাদের মেধার পরিচয় দেয়, কিন্তু ভালো চরিত্র, সততা, মানবিকতা ও নৈতিকতা তোমাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবে।’

তিনি আরও বলেন, ‘এটি তোমাদের জীবনের প্রথম ধাপ। এই অর্জন চূড়ান্ত অর্জন নয়। তোমাদের সামনে জীবনের দীর্ঘ পথ পড়ে আছে। এই বয়সে তোমাদের সময়কে মূল্য দিতে হবে, নিয়মিত পড়াশোনা করতে হবে এবং নিজেদের নৈতিক ও মানবিক গুণাবলি বিকশিত করতে হবে।

তিনি শিক্ষার্থীদের কে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন ‘আমি তোমাদের পাশে আছি এবং থাকবো, তোমাদের যে কোন সহযোগিতায় আমি তোমাদের পাশে দাঁড়াবো। ‘তিনি পুনরায় শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রংপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি হামিদুর রহমান, বদরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামারুজ্জামান, নায়েবে আমীর শাহ মোহাম্মদ রুস্তম আলী, সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম, রংপুর মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বদরগঞ্জ উপজেলা পেশাজীবী ফোরামের সভাপতি অধ্যক্ষ শোয়াইবুর রহমান এবং রংপুর মহানগর ছাত্রশিবিরের সাবেক আইন সম্পাদক মো. আল আমিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি আব্দুর রাজ্জাক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শাহিনুর রহমান, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাসুদ হাসান রানা প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশসেবার আদর্শে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।