ঢাবি ছাত্রীর মা'কে নিজ বাসায় নৃশংস হত্যা: দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
বৃহস্পতিবার (২১ মে) ঢাবি শাখা ছাত্র শিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মো. মিফতাহুল হোসাইন আল মারুফ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের (২০২০-২১ সেশন) শিক্ষার্থী প্রার্থনা মজুমদারের মা রীতা রানী মজুমদারকে নিজ বাসভবনে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর ক্ষোভ, শোক ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসু এজিএস মুহা. মহিউদ্দিন খান এবং সেক্রেটারি কাজী আশিক বলেন, গত ২০ মে গভীর রাতে সংঘটিত এই বর্বরোচিত হত্যাকাণ্ড দেশব্যাপী চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই আরেকটি নির্মম উদাহরণ।
নিজ ঘরেও আজ মানুষ নিরাপদ নয়, এ বাস্তবতা রাষ্ট্র ও সরকারের চরম ব্যর্থতাকেই সামনে নিয়ে এসেছে।
শিবির নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি শিশু রামিসার মর্মান্তিক হত্যাকাণ্ডসহ একের পর এক খুন, ধর্ষণ, ছিনতাই ও সহিংসতার ঘটনায় দেশজুড়ে সাধারণ মানুষের মাঝে গভীর আতঙ্ক ও অনিরাপত্তা তৈরি হয়েছে। অথচ এসব ঘটনায় কার্যকর প্রতিরোধ, দ্রুত বিচার ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণে সরকারের ব্যর্থতা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।
তারা আরও বলেন, শাহবাগ থানায় ছাত্রদলীয় সন্ত্রাসীদের হামলার শিকার হওয়া ডাকসু নেতৃবৃন্দ ও সাংবাদিকদের অভিযোগ গ্রহণে পুলিশের গড়িমসি, মামলা নিতে অনীহা এবং এখন পর্যন্ত কোনো দৃশ্যমান তদন্ত অগ্রগতি না থাকা রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে বিদ্যমান পুরনো দমনমূলক ও ফ্যাসিবাদীয় সংস্কৃতির পুনরাবৃত্তিকেই সামনে নিয়ে এসেছে।
রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধীদের দায়মুক্তি দেওয়ার সংস্কৃতি আজ নতুন করে জুলুম, দখলদারিত্ব ও সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছে।
বিচারহীনতার সংস্কৃতি, প্রশাসনিক দুর্বলতা এবং দলীয় প্রভাবের কারণে অপরাধীরা ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে। একটি সভ্য রাষ্ট্রে নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম মৌলিক দায়িত্ব।
কিন্তু বর্তমান বাস্তবতায় সাধারণ মানুষ প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার অভাব এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা অপরাধীদের আরও উৎসাহিত করছে।
নেতৃবৃন্দ অবিলম্বে রীতা রানী মজুমদার হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
একইসাথে শিশু রামিসাসহ সাম্প্রতিক সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত এবং দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ নিহত রামিসা ও রীতা রানী মজুমদারের শোকগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।