ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) নিয়ে ‘অবমাননাকর মন্তব্য’ করার প্রতিবাদে ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর-শ্যামলী) আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন থেকে সাধারণ শিক্ষার্থীরা এই ঘোষণা দেন।

সন্ধ্যা সাড়ে ৬টার পর শুরু হওয়া এই প্রতিবাদ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নিজের আসন মোহাম্মদপুরে দিনদুপুরেও জনগণকে নিরাপত্তা দিতে পারেন না ববি হাজ্জাজ। তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলেন। আমরা তাকে প্রতিমন্ত্রী নয়, প্রতিবন্ধী বলবো। আজ থেকে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

শিক্ষার্থীরা আরও বলেন, দেশের প্রতিটি গৌরবময় আন্দোলনের নেতৃত্ব দেওয়া এই বিশ্ববিদ্যালয়কে যারা খাটো করে দেখার চেষ্টা করবে, সাধারণ ছাত্রসমাজ তাদের দাঁতভাঙা জবাব দেবে। অবিলম্বে এই অবমাননাকর বক্তব্য প্রত্যাহার করে প্রতিমন্ত্রীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা।